
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া এবং বরিশালের বিএম কলেজে হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনায় অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর এসব ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। পরে তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শহীদ মিনার এলাকা এবং ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল পর্যন্ত ছড়িয়ে পড়ে। বিভিন্ন পক্ষের দাবি অনুযায়ী, সেখানে অন্তত ৭০ জন আহত হয়েছেন।
সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। উপাচার্য উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
ঢাকা কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। একই দিনে আলিয়া মাদ্রাসা এলাকায় সংঘর্ষে আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে সোমবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবারও সেখানে উত্তেজনা বিরাজ করছিল।
পুলিশ জানিয়েছে, বিভিন্ন ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে এবং সংঘর্ষের ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।